শরীফ স্বাধীন, মাগুরা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম
সারভর্তি ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরায় রাসায়নিক সারের নতুন ডিলারশিপ নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম ও টাকা লেনদেনের মারাত্মক অভিযোগ উঠেছে।
জেলার চার উপজেলায় ৩৭টি পদের বিপরীতে ৫৯৬টি আবেদন জমা পড়লেও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা।
এ ঘটনায় সাধারণ কৃষক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
জানা গেছে, নিয়োগ নীতিমালা অনুযায়ী উপজেলা ইউএনওর নেতৃত্বে ১০ সদস্যের উপজেলা কমিটি প্রাথমিক বাছাই শেষে প্রতি ইউনিয়ন থেকে ৩ জন করে আবেদনকারীর নাম জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে পাঠায়। পরবর্তী সময়ে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বাধীন ১৩ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত সুপারিশ কেন্দ্রে পাঠায় এবং সেখান থেকে অনুমোদন মিললে লাইসেন্স দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, চার উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির বেসরকারি তিন প্রতিনিধি (কৃষক, ব্যবসায়ী ও সমাজসেবী) হিসেবে যারা আছেন, তাদের সারের ব্যবসা বা কৃষিতে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এ পদে আসীন হয়েছেন, আর এ কারণেই কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান মজনুর একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করতে শোনা যায়। অডিওতে আরও দাবি করা হয়, পুরো টাকা হিরো চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান তাদের এ দায়িত্ব দিয়েছেন। তাদের স্বাক্ষর ছাড়া কাগজ জেলা কমিটিতে যাবে না বলেও অডিওতে উল্লেখ রয়েছে।
অভিযোগের বিষয়ে বদরুল আলম হিরো বলেন, অর্থ লেনদেনের যে অডিওটা ভাইরাল হয়েছে, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় মিটিংয়ের মধ্যে ইউএনও এবং ডিসি সাহেব আমাদের সামনে যে নাম উত্থাপন করেছেন, আমরা তার আলোকে সম্মতি দিয়েছি। এর বাইরে আমি কিছু বলতে পারব না।
অন্যদিকে, ফেসবুক পেজ ‘ফিনিক্স পাখি’র দাবি অনুযায়ী, আঠারোখাদা ইউনিয়নে চাল ও টিসিবি ডিলার জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার ভাই মোরশেদুল আলম টনিকে সারের ডিলার বানানো হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা হাসানুর রহমান হাসু ফেসবুক পোস্টে ডিলারশিপ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে ধন্যবাদ দেন এবং মিষ্টিমুখ করার আহ্বান জানান। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও এ বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন।
দক্ষিণ মাগুরা বিএনপির প্রধান সমন্বয়ক নওশের আলী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ ছিল না। এতে দলের ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছেন এবং আর্থিক লেনদেনের বিষয়টি আমরাও শুনেছি।
এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সব তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করে জেলা কমিটির কাছে পাঠিয়েছে। কোনো ডিলারের নাম নির্দিষ্ট ক্রম অনুযায়ী ঢাকায় পাঠানো হয়নি। কেন্দ্রীয়ভাবে ডিলার নির্বাচন করে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তার ভিত্তিতেই আমরা নিয়োগ দিয়েছি।
কৃষি খাতের এই স্পর্শকাতর বিষয়ে অনিয়মের সুনির্দিষ্ট তদন্ত করে ভুয়া ডিলারশিপ বাতিল এবং প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ কৃষক ও সচেতন মহল।