ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৯ পিএম
খুলশী থানা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় গত ১০ মাসে পাঁচজন অফিসার ইনচার্জ (ওসি) বদলি হয়েছেন। তাদের একজন দায়িত্ব পালন করেছেন মাত্র তিন দিন, আরেকজনের দায়িত্বকাল ছিল ৪০ দিন। ঘন ঘন এই রদবদলের কারণ নিয়ে আলোচনা চলছে। এদিকে বদলির আদেশ জারির পরও দুই উপ-পুলিশ কমিশনারের (ডিসি) সিএমপিতে দায়িত্ব পালন অব্যাহত থাকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক রদবদলের আলোচনায় এসেছে চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বগাকে আটক করতে গিয়ে সিটি মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বিরোধের ঘটনা। ওই ঘটনার পর খুলশী থানার ওসি আবদুর রহিমকে প্রথমে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে সংযুক্ত করা হয়। পরে তাকে খুলনায় বদলি করা হয়। তবে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
গত ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১২ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে বদলি করা হয়। এতে সিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) পদে বদলি করা হয়। একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনায় বদলি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে আদেশ কার্যকরের নির্দেশনা থাকলেও ওই দুই কর্মকর্তা এখনও সিএমপিতে দায়িত্ব পালন করছেন।
এদিকে গত ৭ অক্টোবর সিএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়। পরদিন ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরে তাকে খুলনার ট্রেনিং সেন্টারে বদলির আদেশ জারি হয়। পুলিশের নথি অনুযায়ী, ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
গত ৬ অক্টোবর সন্ধ্যায় বগা টাইগারপাসের নগর ভবনে অবস্থান করছেনÑ এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। তবে নগর ভবনে প্রবেশ ও বগাকে আটক করা নিয়ে সিটি মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও তাকে আটক করতে না পেরে পুলিশ ফিরে আসে। পরদিন সকালে ডেঙ্গু নিধন কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র ওসি আবদুর রহিমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক অভিযোগ তোলেন। ওই দিন সন্ধ্যায় আবদুর রহিমকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়। পরদিন তার বদলির আদেশ জারি হয়।
দেড় বছরে আট ওসি
পুলিশের নথি ও প্রকাশিত বদলির আদেশ পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ৩ এপ্রিল থেকে ২০২৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত খুলশী থানায় অন্তত আটজন কর্মকর্তা ওসির দায়িত্ব পেয়েছেন। নতুন যোগ দেওয়া কামরুজ্জামানকে বাদ দিলে বাকি সাতজনের গড় দায়িত্বকাল তিন মাসের কম। তাদের মধ্যে গত ১০ মাসেই পাঁচজন দায়িত্ব ছেড়েছেন।
পরিদর্শক আফতাব হোসেন ২০২৫ সালের ৩ এপ্রিল খুলশী থানার দায়িত্ব নেন। ওই দিন ছাত্রদল-বিএনপির সংঘর্ষে এক যুবদলকর্মী নিহত হন। প্রায় সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর ১৪ আগস্ট তাকে সরিয়ে দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশাচালকদের ট্রাফিক বক্স ভাঙচুরের ঘটনায় কঠোর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর ওসির দায়িত্ব পান পরিদর্শক শাহীনুর আলম। ২০২৫ সালের ৬ ডিসেম্বর নির্বাচনের আগে সিএমপির ১৫টি থানায় একযোগে রদবদলের অংশ হিসেবে তাকে কর্ণফুলী থানায় বদলি করা হয়। পরিদর্শক জাহেদুল ইসলাম প্রায় সাড়ে তিন মাস দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ২৫ মার্চ বিদায়ী পুলিশ কমিশনারের আদেশে তাকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়। পরিদর্শক আরিফুর রহমানের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর ১৩ জুন রাতে তাকে প্রত্যাহার করা হয়। এরপর পরিদর্শক মোহাম্মদ সোলাইমান ওসির দায়িত্ব নেন। তবে মাত্র ৭২ ঘণ্টা পর, ১৬ জুন, তাকে নগর পুলিশের বিশেষ শাখায় সরিয়ে দেওয়া হয়। এরপর দায়িত্ব পান পরিদর্শক মোজাম্মেল হক। তিনিও অল্প সময়ের মধ্যে বদলির শিকার হন। সর্বশেষ ওসি আবদুর রহিমের দায়িত্বকাল ছিল ৪০ দিন। তাকে খুলনার ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। বর্তমানে আকবর শাহ থানা থেকে আসা পরিদর্শক কামরুজ্জামান খুলশী থানার ওসির দায়িত্ব পালন করছেন।
সদরঘাট ও কর্ণফুলী থানায়ও রদবদল নিয়ে বিতর্ক
খুলশী থানার বাইরে সদরঘাট ও কর্ণফুলী থানায় ওসি বদল নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে। গত ৫ জুলাই সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফকে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় বদলি করা হয়। অন্য জেলার একজন প্রতিমন্ত্রীর আধাসরকারি পত্রের (ডিও) ভিত্তিতে তাকে বদলি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তখন আলোচনা-সমালোচনা হয়।
এর আগে ১৮ জুন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সিটি এসবির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি পদে বদলির আদেশ দেন। আদেশ জারির পর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির একটি মিছিলে বাধা দেওয়ার ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে দেন দলটির নেতাকর্মীরা। বিএনপির আপত্তির মুখে ওসির দায়িত্ব নেওয়ার আগেই তাকে প্রত্যাহার করে সিটি এসবিতে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, থানার ওসি বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এতে অন্য পুলিশ সদস্যদের কাজে প্রভাব পড়ার কথা নয়।
বদলির আদেশের পরও দুই উপ-পুলিশ কমিশনার সিএমপিতে দায়িত্ব পালন করছেন কেনÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর দপ্তর থেকে বদলির আদেশ জারি হলেই তাৎক্ষণিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, এমন নয়। আগের কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে সময় প্রয়োজন। কাজ শেষ হলে তারা চলে যাবেন। এ ছাড়া অনেকে বদলির আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন করেন। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীও খুলশী থানার ওসি বদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন।