সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৩:৩২ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৫:১৯ পিএম
গঙ্গা সাগর দেব সরকার বাড়ির দুর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শহরের চাকচিক্য আর আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে চিরচেনা গ্রামবাংলা। উঠোনে ধান মাড়াই, ঢেঁকিতে ধান ভানা, কুমোরের মাটির তৈজসপত্র তৈরি কিংবা বাঁশ-বেতের কারুশিল্পÑ একসময় বাঙালির জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ ছিল এসব দৃশ্য।
কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা সেই গ্রামীণ জীবনকেই যেন নতুন করে ফিরিয়ে আনা হয়েছে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার গঙ্গা সাগর দেব সরকার বাড়ির দুর্গাপূজার ব্যতিক্রমী মণ্ডপে।
মাটির ঘর, কৃষক-কৃষাণীর কর্মব্যস্ততা, জেলের মাছ ধরা, কুমোরের মৃৎশিল্প আর গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনÑসব মিলিয়ে মণ্ডপটি যেন গ্রামবাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিদিনই এই ব্যতিক্রমী আয়োজন দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। মণ্ডপের নান্দনিক কারুকাজ ও লোকজ আবহ নিয়ে পাড়া-মহল্লা, বাসাবাড়ি, দোকানপাট থেকে চায়ের আড্ডাÑ সবখানেই চলছে আলোচনা।
কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম গঙ্গা সাগর দেব সরকার বাড়ির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মণ্ডপে ফিরে দেখা শেকড়
সরকার বাড়ির পূজার প্রধান উদ্যোক্তা গৌতম সরকারের ভাবনায় এই আয়োজনের মূল উদ্দেশ্য হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। তিনি বলেন, আমরা শহরের চাকচিক্যে গ্রামকে ভুলে যাচ্ছি। সেই চিন্তা থেকেই ভুলে যাওয়া গ্রামটাকেই মণ্ডপে ফিরিয়ে আনার চেষ্টা করেছি।
গৌতম সরকার বলেন, এখানে রাজপ্রাসাদ নেই, আছে মাটির ঘর। এখানে ফাইবারের মূর্তি নেই, আছে মাটির মা। এখানে ডিজে নেই, আছে আদি ঢাকের শব্দ। নেই বিরিয়ানি, আছে খিচুড়ি ভোগ। মূল বিষয় হচ্ছে, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামবাংলার সহজ-সরল, মাটির কাছাকাছি থাকা পূজার আবহকে নতুন করে ফিরিয়ে আনা।
তার এই ভাবনার প্রতিফলন দেখা যায় মণ্ডপের প্রতিটি অনুষঙ্গে। কোথাও কৃষক-কৃষাণী ধান মাড়াই ও সংরক্ষণে ব্যস্ত, কোথাও মাথায় ধানের বস্তা নিয়ে বাজারের পথে কৃষক। আবার পলো দিয়ে মাছ ধরছেন জেলে। গ্রামীণ নারীরা গোবর দিয়ে জ্বালানি তৈরি করছেন, বেতশিল্পীরা বানাচ্ছেন বাঁশ-বেতের নানা ব্যবহার্য সামগ্রী।

মণ্ডপের অন্য অংশে রয়েছে ঢেঁকিতে ধান ভানার দৃশ্য, মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত কুমোর, গোয়ালঘরে কাজ করা নববধূ এবং গাছের ডালে বাবুইপাখির বাসা। এসব অনুষঙ্গের মধ্য দিয়ে ফুটে উঠেছে বাংলার কৃষি, কুটিরশিল্প ও প্রকৃতিনির্ভর জীবনধারার পরিচিত ছবি।
শহুরে জীবনে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কাছে এসব দৃশ্য গ্রামবাংলার অতীতকে জানার সুযোগ করে দিচ্ছে। আর যারা গ্রামে বেড়ে উঠেছেন, তাদের মনে জাগিয়ে তুলছে শৈশব-কৈশোরের স্মৃতি। ফলে প্রতিমা দর্শনের পাশাপাশি মণ্ডপটি হয়ে উঠেছে নিজেদের শেকড়কে নতুন করে আবিষ্কারের জায়গা।
দর্শনার্থীদের মুগ্ধতা
লোকমুখে ব্যতিক্রমী এই মণ্ডপের কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। মণ্ডপ দেখতে হোসেনপুর থেকে এসেছেন উজ্জ্বল কুমার দত্ত। আয়োজন ঘুরে দেখে তিনি বলেন, সত্যিই অপূর্ব। শরৎ-হেমন্তসহ বাংলার ঋতুবৈচিত্র্য ও গ্রামীণ আবহ যেন বাঙালি ও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে মণ্ডপটিকে অনন্য ও ব্যতিক্রমী করে তুলেছে। দেখে মন ভরে গেছে।
গত ১২ অক্টোবর কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মিজানুর রহমান মণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় তারা এর ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে মণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রতিদিনের বাংলাদেশ-কে বলেন, মণ্ডপটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা যা ভুলতে বসেছি, এই মণ্ডপ আমাদের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। আমাদের চেতনাকে নতুন করে জাগ্রত করার এই অভিনব প্রয়াস সত্যিই চমৎকার।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা রয়েছে। এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সংসদ সদস্য বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশেষ করে কিশোরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য স্বতন্ত্র। আমরা আশা করি, এ বছরও জেলার সর্বজনীন দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে এ উৎসব উদ্যাপন করবেনÑএটাই আমাদের প্রত্যাশা।

উৎসবের আড়ালে শেকড়ের ডাক
গঙ্গা সাগর দেব সরকার বাড়িরÑ এই আয়োজন শুধু প্রতিমা দর্শন কিংবা মণ্ডপসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রতিটি দৃশ্যে রয়েছে বাংলার মাটি, মানুষের শ্রম, লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা জীবনধারার গল্প।
আধুনিকতার পথে এগিয়ে চলার পাশাপাশি নিজেদের ঐতিহ্যকে ধারণ করার যে প্রয়োজন, এই মণ্ডপ যেন সেই কথাই মনে করিয়ে দেয়। মাটির ঘর, ঢেঁকির ছন্দ, কৃষকের ঘাম আর গ্রামীণ কারুশিল্পের মধ্য দিয়ে কিশোরগঞ্জের এই আয়োজন হয়ে উঠেছে দুর্গোৎসবের আনন্দে হারানো বাংলাকে ফিরে দেখার এক ব্যতিক্রমী ঠিকানা।