গোড়ার মসজিদ
কালিগঞ্জের বেলাট দৌলতপুরে গোড়ার মসজিদ বহন করে চলেছে ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুরে অবস্থিত গোড়ার মসজিদ দীর্ঘদিন ধরে বহন করে চলেছে ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের স্মৃতি। প্রাচীন এই স্থাপনার যথাযথ সংরক্ষণ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ইতিহাস নিয়ে গবেষণার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এলাকার ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তবে সময়ের সঙ্গে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৩ সালে প্রত্নতত্ত্ব বিভাগের খননকাজের সময় মসজিদটির গম্বুজের কেন্দ্রস্থলে অন্তত দুই ফুটের মতো ভাঙা অংশ দেখা যায়। সে সময় মসজিদের পাশে একটি কবরের সন্ধান পাওয়া যায়। কবরটি গোড়াই নামের এক দরবেশের মাজার বলে ধারণা করা হয়। তার নামানুসারেই মসজিদটির নাম হয়েছে গোড়ার মসজিদ।
সরেজমিনে দেখা যায়, মসজিদের দেয়ালে পোড়ামাটির পাতাফুল, শিকল ও ঘণ্টাসহ বিভিন্ন ধরনের নকশা রয়েছে। এসব অলংকরণ স্থাপনাটির স্থাপত্যশৈলীতে স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শুক্রবার দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মসজিদে নামাজ আদায় করতে আসে। ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও মসজিদটির ভূমিকা রয়েছে। কয়েক প্রজন্মের মানুষের স্মৃতি জড়িয়ে আছে এই স্থাপনা ঘিরে।
স্থানীয় স্কুলশিক্ষক রবিউল ইসলাম বলেন, ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে গোড়ার মসজিদ সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের অতীত সম্পর্কে জানতে পারবে। প্রয়োজনীয় সংস্কার, তথ্যফলক স্থাপন এবং ঐতিহাসিক তথ্য সংগ্রহের মাধ্যমে মসজিদটিকে আরও পরিচিত করে তোলা সম্ভব।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাওয়ানা নাহিদ বলেন, মসজিদটির সীমানাপ্রাচীর নির্মাণ, পর্যটকদের আবাসনের ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারসহ বেশ কিছু অবকাঠামো নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে শিগগিরই এসব অবকাঠামো নির্মাণ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
এদিকে মসজিদটির ঐতিহাসিক বৈশিষ্ট্য সংরক্ষণ নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, সংস্কারের নামে যেন স্থাপনাটির প্রাচীন বৈশিষ্ট্য নষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে। যথাযথ সংরক্ষণ, গবেষণা ও প্রচারের মাধ্যমে গোড়ার মসজিদকে ঝিনাইদহের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে আরও পরিচিত করে তোলা সম্ভব।