খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:৪৮ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে পর্যটকদের সাজেক ভ্রমণে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকবে।
পর্যটকদের স্বার্থে অবরোধ তুলে নেওয়ার আহ্বান : বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণের সুযোগ দিতে সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কোনো সংকট বা বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
১১ অক্টোবর থেকে অবরোধ : গত ১১ অক্টোবর সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে কয়েক হাজার দেশি-বিদেশি পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে উজোবাজার এলাকায় পর্যটকবাহী নিরাপত্তা বহর আটকে দেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনার পর বহরটিকে খাগড়াছড়ির দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে সোম ও মঙ্গলবার দুই দিনের জন্য অবরোধ শিথিল করা হলেও বুধবার দ্বিতীয় দফায় অবরোধের ডাক দেওয়া হয়। পরিস্থিতির অবনতি ও পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। বৃহস্পতিবার অবরোধ শিথিলের ঘোষণার পর প্রশাসনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
২৪ ঘণ্টার আল্টিমেটামের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার : সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এর পরদিনই অবরোধ শিথিল এবং পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।
২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকায় সাজেকের পর্যটন কার্যক্রম কতটা স্বাভাবিক হয়, তা নিয়ে পর্যটন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ রয়েছে। এ সময়ে সাজেক সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।