গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম
গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর অভিযোগ তাদের সহযোগীদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশে
গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র নিয়ে চালানো এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে আনিছ ও শিমলা নামের দুজনকে ৫৮টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর সাত-আটজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে ফাঁড়ির এটিএসআই নুরুল ইসলাম মাথা ও হাতে আঘাত পান। এ সময় ফাঁড়ির কেচি গেট বন্ধ করতে গেলে কনস্টেবল আশিকের হাতে রামদার কোপ লাগে। আহত দুই পুলিশ সদস্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জয়নাল আবেদীন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায়ও পৃথক মামলা করা হবে।