রংপুর অফিস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম
রংপুরের এনজিও ফোরাম মিলনায়তনে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আশা’র বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে এক বছরে ১১৮ কোটি টাকা ব্যয় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। চলতি বছর এই খাতে ১৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার রংপুরের এনজিও ফোরাম মিলনায়তনে সাংবাদিকদের সাথে আশা’র বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রংপুর বিভাগে ১০৭টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এক হাজার ২২টি শিক্ষা কেন্দ্রে ৫৮ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশার শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন এবং দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক উন্নয়ন বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আশা রংপুর বিভাগের ৪৩৫টি ব্রাঞ্চের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯ লাখ ৮৪ হাজার ২৮৬ জন সদস্যকে স্বাবলম্বী হতে ৬ হাজার ৩৩৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তিনটি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র এবং ১২টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে গত অর্থ বছরে মোট ৩ লাখ তিন হাজার ৩৩৪ সুবিধাবঞ্চিত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থ বছরে ৯ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন সদস্যকে ৬ হাজার ৫’শ কোটি টাকার সহজ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আশা’র রংপুর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুনার রশীদ সেখরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাদ্দেকুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, আশার রংপুর ডিভিশনাল ম্যানেজার এস.এম বেলাল হোসেন।