× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিকরা

প্রবা প্রতিবেদক, ঢাকা ও শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৪২ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার পৃথক দুটি স্থানে শ্রমিকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক এবং গাজীপুরের মাওনা, মাস্টারবাড়ী ও এমসি বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরায় চার ঘণ্টা অবরোধ : রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল আটটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, দীর্ঘ সময় সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা উপেক্ষা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। দুপুর পৌনে ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

একই দাবিতে গত মঙ্গলবার ও বুধবারও শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিক আখতার হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সমাধান মেলেনি। এ কারণে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুরে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ : গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের পদক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, সি স্টেজ (বিডি) লিমিটেড কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে সাধারণ ছুটি ঘোষণার কথা জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে অবস্থান নেন। 

শ্রমিকদের দাবি, নির্ধারিত সময়ে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। একাধিকবার বেতন দেওয়ার সময় জানানো হলেও বকেয়া পরিশোধ না করায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা কর্মবিরতিও পালন করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু তারা সরে না যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সি স্টেজ (বিডি) লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা