প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:২৯ পিএম
প্রতিকী ছবি
তিন জেলায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছে ৩ জন। বগুড়ায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছেলেকে হত্যা, চুয়াডাঙ্গায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যা ও শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাতে চাচী খুন। প্রতিবেদকদের পাঠানো খবর :
বগুড়া : জেলার সোনাতলায় ছয় বছরের শিশু ইউসুফ আলীকে হত্যার অভিযোগে তার মা রিনি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকা থেকে রিনি বেগমকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার বড় বালুয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ইউসুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ পাওয়া যায়। সোনাতলা থানার এসআই মোবারক বলেন, শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।
চুয়াডাঙ্গা : জেলার আলমডাঙ্গায় নওদাবন্ডবিলে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনাটি ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিলের রেজাউল হকের ছেলে। আর অভিযুক্ত নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে। আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর (সাতক্ষীরা) : জেলার শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে চাচি খুন হয়েছেন। এ সময় জখম হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্যামনগর পৌরসভা সদরের পারবাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক রমেশ মন্ডলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম সুধা রানী মন্ডল (৫৫)।
শ্যামনগর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রমেশ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। নিহত সুধা রানী মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।