বিজিবি-বিএসএফের উদ্যোগ
মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম
মুজিবনগর সীমান্তে দুই দেশের শূন্যরেখায় ভারতে মারা যাওয়া মায়ের লাশ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে থাকা মেয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দুই দেশের শূন্যরেখায় ভারতে মারা যাওয়া মায়ের লাশ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে থাকা মেয়ে।
বিজিবি ও বিএসএফের সমন্বয়ে বৃহস্পতিবার দুপুরে সীমান্তের মেইন পিলার ১০৯-এর কাছে এ দেখার ব্যবস্থা করা হয়। দুই দেশের সীমান্তরক্ষীদের এ উদ্যোগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জায়রা (৭০)। প্রায় ৩৬-৩৭ বছর আগে বিয়ের সূত্রে ভারতে বসবাস শুরু করেন তিনি। বার্ধক্যজনিত কারণে গতকাল সকালে মারা যান জায়রা।
মায়ের মৃত্যুর খবর পেয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মেয়ে হাফিজা খাতুন তাকে শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। পরে বিজিবি তার আবেদনে সাড়া দিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভবানীপুর সীমান্তের শূন্যরেখায় লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেনÑ মুজিবনগরের ভবানীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শরিফুল। ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এসকে রয়।
মায়ের লাশ শেষবারের মতো দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজা। তিনি বলেন, মায়ের লাশ দেখতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা খুশি।
মুজিবনগরের ভবানীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শরিফুল বলেন, দুই দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অপরাধপ্রবণতা কমাতে বিজিবি-বিএসএফ এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করেছে।