হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম
হাকিমপুরের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুরের (হিলি) মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করা হয়। আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্যবাসুদেবপুর এলাকায় গণেশের চাতালের সামনে পাকা রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানার এসআই গোপাল চন্দ্র সরকার। তিনি জানান, অভিযানে অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ, একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।