বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:২১ পিএম
বুড়িচং উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য পাঁচ-ছয়জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।
আটকরা হলো উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের মৃত ফরহাদ মিয়ার ছেলে ইব্রাহিম খলিল এবং দেবপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে রিয়াদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ জানতে পারে, মোকাম ইউনিয়নের মনঘাটা নিমসার বাজার থেকে আবিদপুরগামী নাগিনী জলার কালভার্টের ওপর একদল সশস্ত্র ডাকাত পথচারী ও যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পেয়ে ওই রাতে পুলিশ সেখানে পৌঁছালে ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে ইব্রাহিম খলিল ও রিয়াদ হোসেনকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। আটক দুজনের শরীর তল্লাশি করে কয়েকটি ধারালো চাপাতি, রড, হেকসো ব্লেডসহ কাঠের বাঁটযুক্ত ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পথচারী ও যাত্রীবাহী যানে ডাকাতির জন্য সশস্ত্র অবস্থায় সেখানে অবস্থান করছিল। দেবপুর পুলিশ ফাঁড়ির ওসি সুরেজিত বড়ুয়া বলেন, তদন্তে আরও দেখা যায়, আটকদের বিরুদ্ধে বুড়িচং থানায় আগেও একাধিক মামলা বিচারাধীন। তিনি আরও জানান এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক আসামিদের আটকে অভিযান জোরদার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার পর আসামিদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।