মহম্মদপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:০৭ পিএম
মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নজরুল উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব। এতে প্রধানমন্ত্রীও অংশ নেবেন বলে জানান মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী।
কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসারও কবি। তার কবিতা, গান ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চাকে শিক্ষার্থীদের মধ্যে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ মহম্মদপুর উপজেলা ইউএনও বেদবতী মিস্ত্রি, ভূমি কর্মকর্তা সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা প্রমুখ।