আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস
জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৫৪ পিএম
গাজীপুরের জয়দেবপুর রেলগেটে সাদাছড়ি হাতে রাজু হোসেন দাঁড়িয়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আজ ১৫ অক্টোবর, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদ চলাচল, স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতের লক্ষ্যে এবং সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে র্যালি, আলোচনাসভা ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বাধীন চলাচল, নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির এ দিনে সামনে আসে এক কঠিন প্রশ্নÑ সাদাছড়ি হাতে একজন মানুষকে পথ দেখানোর পাশাপাশি তার জন্য নিরাপদ রাস্তা ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা কতটা নিশ্চিত করা গেছে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোখলেছুর রহমান। শিক্ষকতা করেছেন, লিখেছেন নিজের জীবনীও। স্বপ্ন ছিল নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার। অথচ এখন তিনি বেকার। তার অভিযোগ, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। উচ্চশিক্ষা আর দক্ষতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার হতাশা তাকে তাড়া করে ফিরছে।
মোখলেছুরের গল্পটি বিচ্ছিন্ন নয়। গাজীপুরে তার মতো অনেক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সামনে কর্মসংস্থানের দরজা সংকীর্ণ, রাস্তায় চলাচল অনিরাপদ। কেউ কাজ খুঁজে ফিরছেন, কেউ জীবিকার তাগিদে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। অথচ তাদের অনেকেরই আছে শিক্ষাগত যোগ্যতা, কাজ শেখার আগ্রহ ও স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয়।
মোখলেছুর রহমান জানান, ২০২৩ সালে টাঙ্গাইলের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজে খণ্ডকালীন ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। পরে ২০২৫ সালে তাকে বাদ দেওয়া হয়। দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। শুধু চাকরি নয়, জীবিকার নানা পথেও বাধার মুখে পড়েছেন বলে জানান তিনি।
স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন রাজু হোসেন। স্মার্টফোনের স্ক্রিন রিডার ব্যবহারে দক্ষ রাজু অন্যদেরও এ বিষয়ে শেখাতে পারেন। তবু দীর্ঘদিন ধরে খুঁজছেন স্থায়ী কাজ।
গাজীপুরের জয়দেবপুর রেলগেটে সাদাছড়ি হাতে তাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চারপাশে যানবাহন ও মানুষের চলাচল, কিন্তু রাস্তা পার হওয়া তার জন্য সহজ নয়। নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্যও তাকে অন্যের সহযোগিতার অপেক্ষায় থাকতে হয়। রাজুর বলেন, আর আশ্বাস শুনতে চাই না, কারও দয়া চাই না। নিজের শ্রম ও দক্ষতা দিয়ে উপার্জন করতে চাই। যোগ্যতা যাচাই করে আমাকে একটি কাজের সুযোগ দেওয়া হোক।
গাজীপুর সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় শনাক্ত প্রতিবন্ধী ব্যক্তি ৪৫ হাজার ২৭৪ জন। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ৫ হাজার ৫৭১ জন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান প্রয়োজন। নিরাপদ চলাচল নিশ্চিত ও সম্মানজনক পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ দরকার।