মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪৪ পিএম
রংপুরে সদর হাসপাতালের পরিত্যক্ত ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের প্রাচীন জেলা রংপুরে নেই সদর হাসপাতাল ও জেলা পর্যায়ের জেনারেল হাসপাতাল। ফলে জটিল রোগের চিকিৎসাস্থল হয়ে দাঁড়িয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল। এখানেই সব ধরনের রোগীদের সেবা নিতে হচ্ছে।
রমেকে ধারণক্ষমতার তিনগুণ রোগী সেবা নেওয়ায় রোগী, স্বজন, চিকিৎসক-নার্সসহ সবাই ভোগান্তিতে পড়ছেন। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার সিভিল সার্জন কার্যালয় চিঠি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়। সচেতন মহল বলছে, রংপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালসহ জেলা পর্যায়ের একটি জেনারেল হাসপাতাল চালু করা খুবই জরুরি।
জানা যায়, একসময় রংপুর নগরীর প্রাণকেন্দ্রে সদর হাসপাতাল চালু ছিল। নানা রোগের চিকিৎসা দেওয়া হতো এখানে। এটি ছিল জেলাবাসীর চিকিৎসাসেবার ভরসাস্থল। ১৯৭৬ সালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল চালু হয়। এরপর সদর হাসপাতালের কার্যক্রম সংকুচিত হয়ে আসে। দেখা গেছে, সদর হাসপাতালের ভবনকে কখনও ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, কখনও রমেক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। করোনা শুরুর আগেও রমেক হাসপাতালের ডায়রিয়ার আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হতো। অতঃপর ভবনটি ব্যবহার না করায় এখন তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সদর হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। এখানে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসাসেবা নিতে আসছে। প্রতিদিন আউটডোরে ২ থেকে ৩ হাজার রোগী সেবা নেয়। অন্যদিকে হাসপাতালে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। এক হাজার শয্যার এই হাসপাতালে রয়েছে ৬৫০ শয্যার জনবল। এ কারণে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগীকে চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সসহ অন্যরা হিমশিম খাচ্ছেন। ফলে রোগী ও তাদের স্বজনদের চাপে হাসপাতালে চিকিৎসার পরিবেশও অনুকূলে নেই।
এ সংকট নিরসনে রংপুর সদরে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। রংপুর সিভিল সার্জন গত বছরের ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। তাতে প্রস্তাব রাখা হয় যে, রংপুর মহানগরীর বাইরে কিন্তু জেলা সদরের মধ্যে ঈশ্বরপুর ও হরিদেবপুর মৌজায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবিত জায়গায় ২৫০ শয্যার জেলা অথবা সদর হাসপাতাল নির্মাণ করা যেতে পারে।
রংপুর সদর উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। জনসংখ্যা ৭ লাখ ১৮ হাজারের বেশি। সদরের ও পাশের উপজেলার মানুষের উন্নতমানের স্বাস্থ্যসেবার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল খুবই দরকার। গত বছরের ২৬ অক্টোবর সেই সময়ের জেলা প্রশাসক রংপুর সদরে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণে জেলা প্রশাসক সম্মেলনে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আনার চেষ্টা করেন। এতকিছু সত্ত্বেও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরেজমিন দেখা যায়, সদর হাসপাতালের দরজায় রমেকের সংক্রামক ব্যাধি ওয়ার্ডের একটি বোর্ড টাঙানো আছে। দরজাটি বন্ধ থাকলেও এর দুই পাশের রুমের গ্রিলগুলো চুরি হয়ে গেছে। ফলে যে কেউ দিনদুপুরে ওই একতলা ভবনে ঢুকতে পারে। ভবনের প্রতিটি রুমে স্থানীয় ও বহিরাগতরা বাথরুম হিসেবে ব্যবহার করছেন। ছড়িয়ে-ছিটিয়ে আছে মাদকসেবনের নানা আলামত। প্রতিটি রুমের দরজা নেই। খসে পড়েছে পলেস্তারা। ভেঙে পড়ছে ছাদ। ভবনে নেই হাসপাতালের কোনো আসবাবপত্রও। ভবনের টয়লেট অকার্যকর হয়ে পড়ে আছে।
রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুর সদরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সদর উপজেলায় একটি হাসপাতাল নির্মাণের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়েছি। সেই চিঠিতে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা এবং কোথায় হাসপাতাল নির্মাণ করা যেতে পারে তার উল্লেখ রয়েছে। আমাদের হাতে এখন কিছু নেই। মন্ত্রণালয় যদি পদক্ষেপ নেয়, তাহলে রংপুর সদর হাসপাতাল বা একটি জেলা পর্যায়ের জেনারেল হাসপাতাল হওয়া সম্ভব।