× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাশাপাশি মন্দির-মসজিদ, অটুট সম্প্রীতি যুগ যুগ

শাহিন জামান, আদিতমারী (লালমনিরহাট)

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪৬ পিএম

লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা মন্দির ও মসজিদ যুগ যুগ ধরে বহন করছে হিন্দু-মুসলিম সম্প্রীতির ঐতিহ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা মন্দির ও মসজিদ যুগ যুগ ধরে বহন করছে হিন্দু-মুসলিম সম্প্রীতির ঐতিহ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক পাশে পূজার্চনা, অন্য পাশে নামাজ আদায়। মাঝখানে দূরত্ব মাত্র ছয় ফুট। লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা মন্দির ও মসজিদ যুগ যুগ ধরে বহন করছে হিন্দু-মুসলিম সম্প্রীতির ঐতিহ্য। নামাজের সময় মন্দিরের ঢাকঢোল বন্ধ রাখা এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে চলছে দুই সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম।

মন্দিরটির নাম কেন্দ্রীয় কালীবাড়ী শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির। পাশে রয়েছে পুরান বাজার জামে মসজিদ। স্থানীয় বাসিন্দা এবং মসজিদ ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮৩৬ সালে পুরান বাজারে কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯১৫ সালের দিকে মন্দিরের পাশে একই আঙিনায় মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজ আদায়ের জন্য একটি ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে সেটি জুমার মসজিদে রূপ নেয়। বর্তমানে এটি পুরান বাজার জামে মসজিদ নামে পরিচিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কালীমন্দিরের পাশে দুর্গামন্দিরও স্থাপিত হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পাশাপাশি দুই উপাসনালয়ে ধর্মীয় কার্যক্রম চললেও এ নিয়ে কখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজানের সময় থেকে জামাত শেষ হওয়া পর্যন্ত মন্দিরের ঢাকঢোলসহ বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয়। নামাজ শেষে স্বাভাবিক হয় মন্দিরের কার্যক্রম। উভয় সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় অনুভূতি ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

এই সম্প্রীতির দৃষ্টান্ত দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসে। স্থানীয়দের ভাষ্য, কয়েকটি দেশের রাষ্ট্রদূতও মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন।

ঢাকা থেকে আসা দর্শনার্থী আরিফ বলেন, একই আঙিনায় পাশাপাশি দুটি ধর্মীয় প্রতিষ্ঠান দেখে তিনি মুগ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরে এভাবে সম্প্রীতি বজায় থাকা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

মন্দিরের পূজারি দিলীপ চন্দ্র রায় বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়াই যুগ যুগ ধরে এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করছি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম দুলাল বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে ধর্মচর্চায় সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করেন। এই মন্দির-মসজিদ সারা দেশের জন্য সম্প্রীতির দৃষ্টান্ত।

পুরান বাজার জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আল আজাদ বলেন, মন্দিরটি মসজিদের আগে প্রতিষ্ঠিত হয়েছে। দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরকে সহযোগিতা করেন। নামাজের সময় মন্দিরের ঢাকঢোল বন্ধ রাখা হয়। এভাবেই যুগ যুগ ধরে সম্প্রীতি বজায় রয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, একই আঙিনায় মন্দির ও মসজিদের অবস্থান এবং দুই সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা