মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।
মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তার সৃষ্টিকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় রয়েছে। তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে নজরুলচর্চা আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের তাঁর জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত করে তুলতে হবে।
তিনি বলেন, নজরুল বর্ষ উদ্যাপনের উদ্দেশ্য শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নজরুলের চেতনা ধারণ করা। তার সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সংস্কৃতি বহুত্ববাদী ও বৈচিত্র্যময়। পাহাড় ও সমতলের মেলবন্ধনে গড়ে ওঠা এ দেশে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করছে। বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের ঐক্য ও শক্তি নিহিত। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে সব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা. রাশিদা খাতুন। আলোচনায় অংশ নেন নড়াইলের আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
সেমিনারে নজরুলের জীবন, সাহিত্য, মানবতা, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সংস্কৃতিমন্ত্রী মহম্মদপুর উপজেলায় একটি পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।