শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ডের মিডিয়া সেল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজামণ্ডপ ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোনে (মোংলা) ১৪৪টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বাহিনীটি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল রোধ, যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।
তিনি বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
কোস্ট গার্ডের এই নিরাপত্তামূলক কার্যক্রম ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পেতে বাহিনীর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।