× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নেতার ছেলের ‘হুমকি-ধামকিতে’ অসহায় যুবদল নেতা

খুলনা অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৫:০৯ পিএম

খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষমতাসীন দলের হয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সৈয়দ ইমাম হাসান বাচ্চুর ছেলে সৈয়দ ইশতিয়াক হাসানের ‘হুমকি-ধামকি’ ও মামলার কারণে অসহায়ত্ব প্রকাশ করেছেন খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি।

আইন প্রয়োগকারী সংস্থার কাছে বারবার ধরনা দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যদের কাছে লিখিতভাবে জানিয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন এই যুবদল নেতা।

সংবাদ সম্মেলনে বাহাদুর মুন্সি অভিযোগ করেন, বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের রাঙ্গেমারী মৌজায় তার কেনা আট শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন সৈয়দ ইশতিয়াক হাসান ও তার সহযোগীরা।

ইশতিয়াক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ ইমাম হাসান বাচ্চুর ছেলে বলে উল্লেখ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাহাদুর মুন্সি জানান, খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আবুল হোসেনের কাছ থেকে ২০২৫ সালের ১ জানুয়ারি বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে ০৫/২৫ নম্বর কবলা দলিলের মাধ্যমে জমিটি কেনেন তিনি। পরে পৃথক খতিয়ান খোলা, নামজারি ও খাজনা পরিশোধ করেছেন বলেও দাবি করেন।

বাহাদুরের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ইশতিয়াক হাসানের মা নাসিমা হাসান খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা করেন। এমপি-২৩৭/২৬ নম্বর ওই মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়। আদালতের নির্দেশে বটিয়াঘাটা থানা পুলিশ তদন্ত করে জমিটি তার দখলে রয়েছে বলে প্রতিবেদন দিয়েছে বলে দাবি করেন তিনি। গত ৮ অক্টোবর প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয় বলেও জানান বাহাদুর।

এরপর একই আদালতে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্বিতীয় মামলাটির নম্বর এমপি-৫০২/২০২৬। এসব মামলার মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি তার।

সংবাদ সম্মেলনে বাহাদুর আরও অভিযোগ করেন, ইশতিয়াক হাসান বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ইশতিয়াকের এক ব্যবস্থাপক হোয়াটসঅ্যাপে ফোন করেও ভয়ভীতি দেখিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে থানায় অভিযোগ করার কথা জানালেও সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিযোগের নির্দিষ্ট তারিখ বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে অভিযোগের অনুলিপিও দেখাতে পারেননি তিনি।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে বাহাদুর মুন্সির বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বিভিন্ন স্থানে জমি দখলের চেষ্টা করেছেন। এ কারণে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও দখলদারির বিরোধ থেকে রক্ষা পেতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন- এমন বক্তব্যও পাওয়া গেছে।

যদিও বাহাদুর মুন্সি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নিজের কেনা জমি রক্ষা এবং হুমকি থেকে মুক্তি পেতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জমির মালিকানা, দখল এবং মামলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাহাদুরের কাছে ব্যাখ্যা চান। প্রথম মামলার পরবর্তী অবস্থা ও দ্বিতীয় মামলা দায়েরের প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তোলা হয়। সংবাদ সম্মেলনের ব্যানার ও লিখিত বক্তব্যে ইমাম হাসান বাচ্চুকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে উল্লেখ করার বিষয়টিও আলোচনায় আসে। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার রাজনৈতিক প্রেক্ষাপটের চেয়ে জমির বিরোধ ও অভিযোগগুলোর সত্যতা যাচাইয়েই বেশি গুরুত্ব দেন সাংবাদিকেরা।

বাহাদুর মুন্সি জমি রক্ষা ও কথিত হুমকি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা