চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:২০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নওদাবন্ডবিলে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিলে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিলের রেজাউল হকের ছেলে। আর অভিযুক্ত নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরে বুধবার রাতে ইমদাদুল, নাইসের বাড়িতে যান। সেখানে নাইসের বাবা-মাকে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি জানাতে চেয়েছিলেন তিনি।
এ সময় নাইসের সঙ্গে তার বাগবিতণ্ডা হওয়ার একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রীজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে আটক করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করে পুলিশ”।
নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে তিনি জানান।