চেলা নদীতে বালু উত্তোলন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:২৮ পিএম
দোয়ারাবাজারের চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, নদীর পাড় কেটে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও মামলায় ফাঁসছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ শ্রমিকরা। এতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ও মামলা দায়েরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর চেলা নদীর সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মুহাইমিনুল হক দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করেন।
তবে মামলার আসামিদের একটি বড় অংশ নিরপরাধ বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই একটি প্রভাবশালী চক্রের রোষানলে পড়তে হচ্ছে। এমনকি ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিবাদকারীদের মামলায় জড়ানোর অভিযোগও তুলেছেন তারা।
মামলার আসামি সোনাপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, তিনি একটি মাদ্রাসার নিয়মিত শিক্ষক। পাশাপাশি স্থানীয় ইছামতী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে। শিক্ষকতার বাইরে অবসর সময়ে দুই সন্তানকে নিয়ে ফার্মেসির ব্যবসায় সময় দেন। নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে তার বা তার পরিবারের কারও সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। এরপরও তাকে পরিবেশ অধিদপ্তরের মামলায় আসামি করা হয়েছে বলে জানান।
জহুর মিয়া নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, মামলায় অনেক নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে উত্তোলিত বালু কয়েক কিলোমিটার দূরে বিভিন্ন ডাম্পিং পয়েন্টে স্তূপ করে রাখা হচ্ছে। এসব স্থানে বিপুল পরিমাণ বালু মজুদ থাকলেও সেখানে কার্যকর অভিযান পরিচালনা করা হচ্ছে না। ফলে নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রকৃত ব্যবসায়ীরা আড়ালে থেকে যাচ্ছেন।
সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহাইমিনুল হক জানান, গত ৫ অক্টোবর সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই দিন দুপুর ১২টার দিকে সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়।