× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুর পৌর সুপারমার্কেট

২১ কোটি টাকার মার্কেটের দেয়ালে শ্যাওলা

খায়রুল হাসান শাওন, সৈয়দপুর (নীলফামারী)

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর সৈয়দপুর পৌর সুপারমার্কেট তিন বছরেও চালু হয়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর সৈয়দপুর পৌর সুপারমার্কেট তিন বছরেও চালু হয়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর সৈয়দপুর পৌর সুপারমার্কেট তিন বছরেও চালু হয়নি। শহরের বাইরে নির্মিত আধুনিক এই মার্কেটটি এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের দেয়াল ও চত্বরে জমেছে শ্যাওলা, কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেখানে মাদকসেবীদের আড্ডাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে।

সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে মিস্ত্রিপাড়া বাইপাস-সংলগ্ন এলাকায় পৌরসভার নিজস্ব জমিতে মার্কেটটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের এপ্রিলে এর নির্মাণকাজ শেষ হয়। একতলা ভবনটিতে ৯০টি দোকান ছাড়াও দুটি টয়লেট ব্লক, সড়কবাতি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, গাড়ি পার্কিং, মাস্টার ড্রেনেজ সিস্টেম ও অভ্যন্তরীণ পাকা সড়ক নির্মাণ করা হয়েছে।

পৌরসভার পরিকল্পনা ছিল, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মার্কেটের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ বাণিজ্যিক পরিবেশ তৈরি করা। তবে নির্মাণ শেষ হওয়ার তিন বছর পরও সেটি চালু না হওয়ায় প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের বিভিন্ন অংশে আগাছা ও শ্যাওলা জমেছে। ভবনের কয়েকটি স্থানে ফাটলও দেখা দিয়েছে। দোকানগুলো বন্ধ থাকায় পুরো মার্কেট চত্বর অনেকটা নির্জন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় সন্ধ্যার পর সেখানে অপরাধপ্রবণ মানুষের আনাগোনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘মার্কেটটিতে এখন মাদকসেবীদের আড্ডাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এতে পুরো এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।’

এদিকে মার্কেটে দোকান বরাদ্দের জন্য টাকা জমা দেওয়া ব্যবসায়ীরা পড়েছেন আরও বিপাকে। তাদের অভিযোগ, মার্কেট চালু না হওয়ায় তারা ব্যবসা শুরু করতে পারছেন না। আবার জমা দেওয়া টাকা ফেরত চাইতে গিয়েও নানা ভোগান্তির মুখে পড়ছেন।

ব্যবসায়ী মো. মাসুম বলেন, ‘পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণেই এখনো মার্কেটটি চালু হয়নি। দোকানের জন্য জমা দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে নানা অজুহাতের মুখে পড়ছি। টাকা ফেরত চাইলে ১০ শতাংশ কর্তনের কথা বলা হচ্ছে।’

সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল খালেক সাবু বলেন, ‘মার্কেটটিতে দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা এখন কিছু করতে পারছেন না, আবার বিষয়টি সহ্যও করতে পারছেন না।’

পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মূল শহর থেকে মার্কেটটি প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ কারণে মার্কেট চালুর বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তবে মার্কেটটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগেই মার্কেটটির নির্মাণকাজ শেষ হয়েছে। তাই এ বিষয়ে পুরোপুরি জানা নেই। মার্কেটের দায়িত্বে যারা আছেন, তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে মার্কেটটি চালুর উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা