ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম
নিহত এনামুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফতেহপুরে রেললাইনের পাশের জঙ্গল থেকে জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের (৫০) মরদেহ উদ্ধারের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও মেলেনি ময়নাতদন্ত প্রতিবেদন ও ভিসেরা পরীক্ষার ফল। ফলে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার এক সহকর্মী। সব মিলিয়ে এনামুলের মৃত্যুর রহস্য এখনও উদঘাটন হয়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর তার কার্যালয় থেকে একটি চিরকুট উদ্ধারের সূত্র ধরে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
গত বছরের ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এনামুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলায় শার্ট প্যাঁচানো ছিল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, এখনও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার জন্যও আবেদন করা হয়েছে। প্রতিবেদন দুটি পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আদালতের নাজির ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন দাবি করেন এনামুল হককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আলতাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় এনামুলের প্যান্টে কাদা লেগে ছিল।