কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:৫১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম
ভাঙচুরের শিকার গাড়িটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলটির মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
নগরীর গাংচর ফারুকী হাউসে জামায়াতের প্রধান কার্যালয়ের সামনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ নিয়ে বৈঠক চলাকালে বিরোধ প্রকাশ্যে আসে। নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন- এমন গুঞ্জনকে কেন্দ্র করে নেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে জামায়াতের একটি অংশ তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মহানগর জামায়াতের সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, আমার জিপ গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে মিটিংয়ে বসেছি। সেখানে মহানগরীর আমিরসহ অন্যান্যরা আছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জামায়াতের পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি একটি মামলার সাক্ষ্য দিতে চট্টগ্রামে ছিলেন। ফেরার পথে কুমিল্লায় থাকা পুলিশের কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ দাবি করেন, সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।
তার ভাষ্য, পূর্বনির্ধারিত সভা চলাকালে কয়েকজন যুবক সেখানে ঢুকে হইচই করেন এবং চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার কারণ জানার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।