মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম
মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার কোয়ালিকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাহাদুল্লা কোয়ালিকান্দি বাজার এলাকার হাফিজল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত অনুযায়ী তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিক পাখির পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলতেও শোনা যায়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, জীবন্ত পাখি চিবিয়ে খাওয়ার বিষয়টি আমাদের নজরে আসার পর ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা করা হচ্ছে।