মো. বাবর আলী, কালিয়া (নড়াইল)
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:০২ পিএম
কালিয়ার বড়দিয়ায় নবগঙ্গা নদীর ভাঙন রোধে ৩০ লাখ টাকার প্যাকেজের আওতায় জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলের কালিয়ার বড়দিয়ায় নবগঙ্গা নদীর ভাঙন রোধে ৩০ লাখ টাকার প্যাকেজের আওতায় জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীভাঙনের ২৪ ঘণ্টার মধ্যেই জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ সাহা।
আপাতত জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ভবিষ্যতে সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে দ্রুত এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি বড়দিয়া বাজার ও আশপাশের জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, নবগঙ্গা নদীর ভাঙন অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, বসতভিটা ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজারটিতে কয়েক শ ব্যবসায়ীর জীবিকা জড়িত। ভাঙন বাজারের দিকে অগ্রসর হলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এ পরিস্থিতিতে দ্রুত জিওব্যাগ ফেলার উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন এলাকাবাসী।
নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ সাহা বলেন, “নদীভাঙনের ২৪ ঘণ্টার মধ্যেই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে একটি প্যাকেজের আওতায় জিওব্যাগ ফেলা হচ্ছে। আপাতত ভাঙন প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।”
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, “বড়দিয়া বাজারের সঙ্গে কয়েক শ ব্যবসায়ীর জীবিকা ও এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। সময়মতো জিওব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাজার ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া জরুরি।”
স্থানীয়দের প্রত্যাশা, ৩০ লাখ টাকার প্যাকেজের আওতায় জিওব্যাগ ফেলার কাজ যথাযথভাবে সম্পন্ন হলে আপাতত নদীভাঙনের ঝুঁকি কমবে। তবে দীর্ঘমেয়াদে বড়দিয়া বাজার, বসতভিটা ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগ চান তাঁরা।