যশোরের বেনাপোলে পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনির বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন সনি।
একই সঙ্গে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও এর নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আতিকুজ্জামান সনি।
সংবাদ সম্মেলনে সনি বলেন, ১৯৯২ সাল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও পৌর বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপির সহসভাপতি।
সনির দাবি, আওয়ামী লীগবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অর্থ, শ্রম ও সাংগঠনিকভাবে সহযোগিতা করেছেন তিনি। ব্যবসায়িক সংগঠনের স্বার্থে তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের সঙ্গে বাণিজ্যবিষয়ক বৈঠকে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে তিনি কখনও আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না কিংবা দলটির সভা-সমাবেশ ও মিছিলে অংশ নেননি বলে দাবি করেন।
সনি অভিযোগ করেন, ১৩ সেপ্টেম্বর বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত একদল নেতাকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় তাকে হেয় করতে এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠন ও এর দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, ট্রাক ও পণ্যবাহী মালামালের নিরাপত্তায় নাইটগার্ডের বেতনসহ বিভিন্ন খাতে নিয়ম অনুযায়ী রসিদের মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়। কল্যাণ তহবিলসহ অন্যান্য ফিও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মতিতে আদায় ও পরিচালনা করা হয়।
সংগঠনের নেতারা অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিক ও দলীয় হস্তক্ষেপ কামনা করেছেন।