চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২০:৫৯ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাণহরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি জসিম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কোনো কমতি রাখবেন না বলে অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ জসিম উদ্দিন আহমেদ। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ, সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাণহরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন আহমেদ বলেন, উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সরকার ১৭ বছরে যে পরিস্থিতি তৈরি করে রেখেছিল, তা থেকে উত্তরণে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, উত্তর সাতকানিয়ার উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, একটি মহল ছদ্মবেশে থেকে এলাকার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ, সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী আহমেদের ছেলে মো. শওকত আলী, প্রধান শিক্ষক ফরিদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুর রহিম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের আজীবন সদস্য রতন ভট্টাচার্য।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।