× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতবর্ষী বটবৃক্ষ সংরক্ষণের ঘোষণা

কুয়াকাটায় ধর্মীয় ঐতিহ্য, জীববৈচিত্র্য ও প্রকৃতির আশ্রয়স্থল রক্ষায় উদ্যোগ

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২০:৩৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে অবস্থিত শতবর্ষী বটবৃক্ষটিকে সংরক্ষণের ঘোষণা করে গত সোমবার একটি বিলবোর্ড স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে অবস্থিত শতবর্ষী বটবৃক্ষটিকে সংরক্ষণের ঘোষণা করে গত সোমবার একটি বিলবোর্ড স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বয়স এক শ বছরেরও বেশি। দীর্ঘ সময় ধরে নীরবে দাঁড়িয়ে আছে বটবৃক্ষটি। এর ছায়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি জড়িয়ে আছে। 

শুধু একটি গাছ নয়, এটি স্থানীয় মানুষের ইতিহাসের অংশ; একই সঙ্গে অসংখ্য পাখি, ছোট প্রাণী ও কীটপতঙ্গের নিরাপদ আশ্রয়স্থল। কালের সাক্ষী এই বটবৃক্ষটির অস্তিত্ব রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা।

পটুয়াখালীর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে অবস্থিত শতবর্ষী বটবৃক্ষটিকে সংরক্ষণের ঘোষণা করে গত সোমবার (১২ অক্টোবর) একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ঐতিহ্যবাহী এই বৃক্ষের সুরক্ষা নিশ্চিত করা, নির্বিচারে ক্ষতিসাধন প্রতিরোধ এবং এর প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে বটবৃক্ষটি রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছটি স্থানীয় পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে। এর বিস্তৃত ডালপালা ও ছায়ায় আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির পাখি ও ছোট প্রাণী। ফলে বৃক্ষটি সংরক্ষণের উদ্যোগকে স্থানীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিলবোর্ড স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেনÑ কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর কুয়াকাটা বিটের কর্মকর্তা-কর্মচারীরা, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তম মহাথেরো, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বটবৃক্ষটিকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শতবর্ষী এই বৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করার মধ্য দিয়ে স্থানীয় ঐতিহ্য ও প্রকৃতি রক্ষায় ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তবে শুধু বিলবোর্ড স্থাপনেই দায়িত্ব শেষ নয়; বৃক্ষটির নিয়মিত পরিচর্যা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে এর ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরাও জরুরি।

একটি পুরোনো গাছকে বাঁচিয়ে রাখা মানে শুধু সবুজের অস্তিত্ব রক্ষা নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের স্মৃতি, সংস্কৃতি ও অসংখ্য প্রাণের আশ্রয় টিকিয়ে রাখা। কুয়াকাটার শতবর্ষী বটবৃক্ষটি তাই হয়ে উঠতে পারে ঐতিহ্য ও জীববৈচিত্র্য,বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা