বাঁ দিক থেকে মো. শামসুজ্জামান হাঁসু, আব্দুল মান্নান মুকুল ও কমিটির তালিকা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সরকারি কলেজের প্রভাষক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তার নাম থাকায় তাদের দলীয় পদ গ্রহণের বৈধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট চাকরিবিধি অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়দের অনেকেই।
জেলা বিএনপির ১৩ অক্টোবর ২০২৬ তারিখের চিঠিতে এ কমিটি অনুমোদনের তথ্য রয়েছে।
কমিটিতে মো. শামসুজ্জামান হাঁসুকে আহ্বায়ক, মো. লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. আরাবুর রহমান ও মো. আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির তালিকা অনুযায়ী, আহ্বায়ক শামসুজ্জামান হাঁসু শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সদস্যসচিব আব্দুল মান্নান মুকুলও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ছাড়া কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, সরকারি সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শাহিনুর রহমান শাহিন এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার কর্মকর্তা তহিদুল হকের নাম রয়েছে কমিটিতে।
তালিকায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নামও উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ বিধির উপবিধি (১)-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ফলে কমিটির সদস্যদের চাকরির ধরন এবং তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিধান অনুযায়ী দলীয় পদ গ্রহণের বিষয়টি যাচাইয়ের দাবি উঠেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাঁসু বলেন, “আমি নির্বাচন করব, এজন্য চাকুরি থেকে অব্যাহতি নিয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে সেই অব্যাহতি পত্র দেয়া আছে।”
সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা সবাই ভোট করব, এজন্য অব্যাহতি নিয়েছি। তাছাড়া একটি মহল আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।”
তবে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল লতিফ বলেন, “আপনারাই এর উত্তর ভালো জানেন।”
শামসুজ্জামান হাঁসু ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “তাদের কাছ থেকে কোন প্রকার অব্যাহতি পত্র পাইনি। যদি কেউ বলে থাকে সেটা মিথ্যা।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “সরকারি বিধি অনুযায়ী চাকুরীজীবিদের রাজনীতি করার সুযোগ যদি না থাকে সেক্ষেত্রে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
জেলা বিএনপির চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
এর মধ্যে আংশিক কমিটির সদস্যদের পেশাগত পরিচয় ও দলীয় পদ গ্রহণের বিষয়ে প্রযোজ্য বিধিবিধান যাচাইয়ের দাবি আরও জোরালো হয়েছে।