ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম
টাঙ্গাইলের ধনবাড়ীর সাতটি ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’Ñ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। যদুনাথপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। অন্যদিকে মুশুদ্দি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথক ইউনিয়নে কর্মসূচিতে অংশ নেন।
প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।