চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের দামপাড়ায় বুধবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার চালু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত বিশেষায়িত কেন্দ্রটি চালুর ফলে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাইবার অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে সিআইডি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের দামপাড়ায় বুধবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
‘সেইফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ: এনহ্যান্সিং ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ডিজিটাল ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক প্রকল্পের আওতায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন।
সিআইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদিত হয়। এর আওতায় ১০ তলা ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সিআইডি সদর দপ্তরের সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের সক্ষমতা বাড়ানো এবং দক্ষ জনবল তৈরিতে দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল ব্ল্যাকমেইল এবং ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের মতো অপরাধ মোকাবিলায় কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, উগ্রবাদী প্রচারণা এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো অপরাধ তদন্তেও বিশেষায়িত কেন্দ্রটি সহায়তা করবে।
সিআইডির আশা, নতুন এই কেন্দ্রের মাধ্যমে জটিল সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ এবং অনলাইন উগ্রবাদ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।