মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল নামের পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল নামের পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় মাদকের বেচাকেনা চলছে জানতে পেরে সেখানে তাৎক্ষণিক অভিযান চালায় শালিখা থানা-পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারি দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। এ সময় এসআই রাকিবুল সাহসিকতার সঙ্গে ধাওয়া করে অপু (২০) নামের এক মাদক কারবারিকে ধরেন।
ধৃত অপু নিজেকে বাঁচাতে পকেট থেকে ধারালো ছুরি বের করে এসআই রাকিবুলের বাঁ হাতে এলোপাতাড়ি আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে আমাদের এক কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।