বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৪৮ পিএম
বড়াইগ্রামের বনপাড়ায় জমির মালিক বিধবা নারী নাজমা খাতুন সংবাদ সম্মেলন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রামের জালশুকা বাজারে ভয়ভীতি দেখিয়ে এক বিধবা নারীর ৪টি দোকান ঘরসহ জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার বনপাড়ায় ওই জমির মালিক বিধবা নারী নাজমা খাতুন সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান এবং তার সম্পত্তি জবরদখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে নাজমা খাতুন জানান, উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা বাজারে স্বামী মৃত মহসিন আলী প্রামাণিকের রেখে যাওয়া ৩৩ শতক জমি রয়েছে। সেখানে সড়কের পশ্চিম পাশে ৫টি দোকান ঘর তৈরি করে ভাড়া প্রদান করা হয়েছে। গত শনিবার সকালে আকস্মিক ওই ৫টি দোকান ঘরের মধ্যে ৪টিতে তালা মারে জালশুকা গ্রামের মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবুর নেতৃত্বে মোখলেসুর রহমানসহ সঙ্গীয়রা। এ সময় আশপাশের দোকানিদের জানিয়ে যায় এখন থেকে এই দোকান ঘরগুলোর মালিক মবু ও সাবু। মাসিক ভাড়া এখন থেকে তাদেরকেই দিতে হবে। পরবর্তীতে খবর পেয়ে আমি (নাজমা খাতুন) দোকান ঘরের কাছে গেলে মবু ও সাবু আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এই দোকান ঘরগুলোর কাছে না আসার জন্য হুমকি দেয়। পাশাপাশি আমার ছেলে বা আত্মীয়স্বজন কেউ এলে তাদেরকে মেরে লাশ গুম করার হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত মবু ও সাবুর সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি নন বলে জানান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।