বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৪৩ পিএম
নিখোঁজ তিন ছাত্রী তানিয়া সুলতানা, হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের লামায় তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের কাছে বস্তাবন্দি মানুষের নড়াচড়ার একটি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে এ তথ্য জানান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।
নিখোঁজ তিন ছাত্রী হলো- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানিয়া সুলতানা এবং নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই ছাত্রীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ তিন ছাত্রীর সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায়। সেখান থেকে বাসে করে তারা কক্সবাজার বা রামুতে গেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে বুধবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছেÑএমন একটি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাঠানো ভিডিওটি যাচাই করা হচ্ছে। তাদের উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।