কিশোরগঞ্জ গণপূর্তে অনিয়ম
সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:৪৪ পিএম
প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে টেন্ডারপ্রক্রিয়া, বিল পরিশোধ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ১৪ ঠিকাদার।
গত ২১ সেপ্টেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।
এক দিনে ২৭ টেন্ডার চুক্তি : অভিযোগের অন্যতম বিষয়, গত অর্থবছর শেষ হওয়ার আগ মুহূর্তে গত ২১ জুন কিশোরগঞ্জ মডেল মসজিদের ২৭টি ওটিএম (ওপেন টেন্ডারিং মেথড) টেন্ডার আহ্বান করে পরদিনই, ২২ জুন চুক্তিপত্র সম্পন্ন করা হয়। আবার এর পরদিন ২৩ জুন কাজের বিলের চেক দেওয়ার অভিযোগও করেছেন ঠিকাদাররা। তাদের দাবি, সব কাজই নির্বাহী প্রকৌশলীর পছন্দের পাঁচ ঠিকাদারকে দেওয়া হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, ২০২৬-২৭ অর্থবছরে অন্তত ৩৫টি কাজ ওটিএম পদ্ধতিতে করা হয়েছে, যদিও তাদের দাবি অনুযায়ী, অধিকাংশ কাজ এলটিএম পদ্ধতিতে করার কথা ছিল। তাদের আরও অভিযোগ, দরপত্রের বিজ্ঞপ্তি যথাযথভাবে প্রকাশ না করে সীমিতসংখ্যক ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতা কমেছে এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
আগের অর্থবছরেও অনিয়মের অভিযোগ : ঠিকাদারদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরেও একইভাবে এলটিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে কয়েকজন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেওয়া হয়। এ ছাড়া এপিপিভুক্ত কাজের বিল আটকে রেখে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে। মডেল মসজিদ, মিঠামইন শিল্পকলা একাডেমি, আইনজীবী ভবন ও বিভিন্ন থানা ভবনের কাজ নিয়েও অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, অগ্রিম বিল পরিশোধ এবং মিঠামইন শিল্পকলার বাউন্ডারি ওয়াল ও পাইলিংয়ের ভেরিয়েশন অনুমোদনের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে।
অর্থ আত্মসাৎ ও সরকারি গাড়ির ব্যবহারের অভিযোগ : অভিযোগপত্রে নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসা সংস্কার এবং ঠিকাদারদের ৫ শতাংশ নিরাপত্তা জামানত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহার আগে ঢাকার এক ঠিকাদারের নামে ৯টি চেকে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ঠিকাদাররা।
অভিযোগকারীদের আরও দাবি, অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে নির্বাহী প্রকৌশলী নাটোরে দুটি বাড়ি নির্মাণ করেন। ঢাকায় তার ১০ তলা ভবন নির্মাণের বিষয়েও অভিযোগ রয়েছে। তবে এসব সম্পদের অর্থের উৎস ও সরকারি অর্থের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এ ছাড়া সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি অফিস না করা, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার এবং ছুটি ছাড়া ঢাকায় অবস্থানের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে অফিসের উপস্থিতি-সংক্রান্ত নথি, গাড়ির লগবুক ও আর্থিক রেকর্ড যাচাই করা দরকার।
সরকারি কোয়ার্টার সংস্কারে অবহেলার অভিযোগ : পাট গবেষণা কেন্দ্রে অবস্থিত একটি সরকারি কোয়ার্টারে ছয়টি পরিবার বসবাস করত। অভিযোগকারীদের ভাষ্য, প্রয়োজনীয় সংস্কার না করায় কর্মচারীরা অন্যত্র চলে যেতে বাধ্য হন। এতে ভবনটি পরিত্যক্ত হওয়ার পাশাপাশি সরকারি জায়গা বেদখলের আশঙ্কা তৈরি হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর অভিযোগগুলোকে মনগড়া ও ভিত্তিহীন দাবি করে বলেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার দাবি, কয়েকজন ঠিকাদার নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব অভিযোগের বিষয়ে অধিদপ্তর থেকে আগেও তদন্ত হয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।
অভিযোগগুলোর বিষয়ে দরপত্রের নথি, চুক্তিপত্র, বিল-ভাউচার ও অর্থ পরিশোধের রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ঠিকাদাররা। তাদের আবেদন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম বলেন, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত জরুরি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার অবস্থানও স্পষ্ট করা প্রয়োজন।