জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:৩৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:৪৫ পিএম
জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বাড়ছেই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বাড়ছেই। বর্তমানে হাসপাতালটিতে ১৮৮ ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। অথচ তাদের জন্য নির্ধারিত শয্যা রয়েছে মাত্র ৪২টি। শয্যার তুলনায় রোগীর সংখ্যা চার গুণেরও বেশি হওয়ায় অনেককে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।
গত তিন দিনে হাসপাতালটিতে নতুন করে ২১৯ ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ অক্টোবর সকালের হিসাবে ২৪ ঘণ্টায় ৮৮ জন, পরের ২৪ ঘণ্টায় ৬৮ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ৬৩ জন। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ ডায়রিয়া রোগী ভর্তি হন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮২ জন। তাদের মধ্যে ৪২ জনকে ছাড়পত্র দেওয়া হলে ওই দিন সকালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ায় ১২৮ জনে।
এরপর ১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন রোগী ভর্তি হন। একই সময়ে ৪৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়। ফলে ১২ অক্টোবর সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ায় ১৪৯ জনে।
সর্বশেষ ১২ অক্টোবর সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়। ফলে মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ রয়েছে। চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিতে কাজ করছেন।
তিনি আরও বলেন, ডায়রিয়া থেকে সুরক্ষিত থাকতে সবাইকে খাবার ও পানির বিষয়ে সতর্ক থাকতে হবে। নিরাপদ পানি পান করতে হবে এবং খাবার ঢেকে রাখতে হবে। বাসি, পচা ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারও পাতলা পায়খানা বা বমি শুরু হলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ অবস্থায় দ্রুত খাবার স্যালাইন খাওয়ানোর পাশাপাশি দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিতে হবে।