সলেমানপুর সাহাপাড়ার দূর্গা মন্দির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্গাপূজা আয়োজনের দায়িত্ব যখন পুরুষেরা ধরে রাখতে পারেননি, তখন সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন নারীরা। নিজেদের উদ্যোগ, শ্রম ও আন্তরিকতায় দুর্গোৎসবের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের সাহাপাড়ার নারীরা।
পূজার উপকরণ সংগ্রহ থেকে শুরু করে মণ্ডপ সাজানো, পুরোহিত ও ডেকোরেটর ঠিক করা- সব কাজই করছেন তারা। তাদের সম্মিলিত উদ্যোগে এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
সরেজমিনে দেখা যায়, সলেমানপুর সাহাপাড়ার মন্দিরে বর্ণিল সাজে প্রস্তুত করা হচ্ছে দুর্গাপ্রতিমা। গণেশ, কার্তিক ও সরস্বতীর প্রতিমায় চলছে রঙের কাজ। কেউ মন্দিরের দেয়ালে আল্পনা আঁকছেন, কেউ সাজসজ্জায় ব্যস্ত। আবার কেউ পূজার সামগ্রী কেনা, অতিথি আপ্যায়ন ও মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। সংসারের দৈনন্দিন কাজ সামলে সবাই মিলে এগিয়ে নিচ্ছেন দুর্গাপূজার প্রস্তুতি।
আয়োজকেরা জানান, গত দুই বছর ধরে স্থানীয় নারীদের উদ্যোগে মন্দিরটিতে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর আগে পূজার আয়োজনের মূল দায়িত্বে ছিলেন পুরুষেরা। ২০২৪ সালের আগে তারা পূজার আয়োজন চালিয়ে যেতে ব্যর্থ হলে পাড়ার কয়েকজন নারী উদ্যোগী হয়ে অন্য নারীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠক থেকেই গড়ে ওঠে ‘নবারণ মহিলা সংঘ’। সংগঠনটির নেতৃত্বে গত বছরও সফলভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়।
সংগঠনটির উদ্যোগে এখন বাড়ি বাড়ি গিয়ে পূজার চাঁদা সংগ্রহ করা হয়। আয়োজনের প্রতিটি ধাপে নারীরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেন।
তাদের এই উদ্যোগ শুধু ধর্মীয় উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং নারীদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও পারস্পরিক সহযোগিতারও দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার বাসিন্দা সঞ্জয় কুমার সাহা বলেন, “গত বছর সাহাপাড়ার নারীরা দুর্গাপূজার আয়োজন করেছিল। এবছরও করছে। পূজার কেনাকাটা থেকে শুরু করে, পুরোহিত ঠিক করা, ডেকোরেটর ভাড়া করা সহ যাবতীয় কাজ নারীরাই করছেন। এমন খবর শুনে মন্দিরটি দেখতে এসেছি। এখানে এসে নারীদের উদ্যোগ, পশ্রিম ও আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি।”
“নারীরা পারেন না এমন কোনো কাজ নেই” উল্লেখ করে নবারণ মহিলা সংঘের সাধারণ সম্পাদক কবিতা রাণী সাহা বলেন, “পুরুষরা যখন দুর্গাপূজার আয়োজন ধরে রাখতে ব্যর্থ হয়েছিল, তখন আমরা কয়েকজন নারী পাড়ার সব নারীকে নিয়ে একটা মিটিং করি। সেই মিটিংয়ে নবারণ মহিলা সংঘ গঠন করি।”
তিনি বলেন, “আমাদের একটি কমিটি আছে। আমরা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে পূজার জন্য চাঁদা সংগ্রহ করি। দেবী দুর্গার আরাধনা করাই আমাদের মূল লক্ষ্য। মা দূর্গা যদি আমাদের ওপর সন্তুষ্ট হন, তাহলে আমাদের আর কোনো চাওয়া থাকবে না।”
শুরুতে এই যাত্রা কঠিন ছিল উল্লেখ করে সংগঠনটির সভাপতি বেবী রাণী সাহা বলেন “প্রথম দিকে অনেকেই আমাদের নিরুৎসাহিত করেছিল। তবে আমাদের মা-বোনেরা সবাই যথেষ্ট আন্তরিক ছিলেন। যে কারণে এই কঠিন কাজটি আমরা করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “মন্দিরের যাবতীয় পূজার কাজ, বাজার-সদাইয়ের কাজ নারীরা করে থাকেন। এবছর প্রশাসনের পক্ষ থেকেও আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। গতবারও উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন করেছি, এবারের সার্বিক পরিবেশ নিয়ে আমরা খুশি।”
নারীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) মো. নোমান হোসে প্রিন্স বলেন, “বর্তমানে নারীরা যে কোনো কাজে পিছিয়ে নেই এই পূজার আয়োজন তার বাস্তব প্রমাণ।”
প্রশাসনের পক্ষ থেকে নবারণ মহিলা সংঘের অঅয়োজিত দুর্গাপূজাকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ডিসি।
নারীদের এই ব্যতিক্রমী উদ্যোগে সলেমানপুর সাহাপাড়ার দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং আত্মবিশ্বাস, ঐক্য ও নারীর সক্ষমতারও প্রতীক হয়ে উঠেছে।