কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৬:৩৫ পিএম
কালাই থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘অভাব ও ঋণের চাপে’ এক মাস আগে নিজের একটি কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলাম (৩০)। তাতেও ঘোচেনি অভাব, মেটেনি ঋণ।
এর মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তার কিডনি বিক্রির খবর জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
উপজেলার মাত্রাই বাজার থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে ছামছুলকে গ্রেপ্তার করে কালাই থানা পুলিশ।
এরপর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তিনি উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কিডনি বিক্রির কথা স্বীকার করেন ছামছুল। তার ভাষ্য, প্রায় এক মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই দিয়ে ইরানে যান তিনি। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেন।
ছামছুল জানান, চট্টগ্রামে কাজ করার সময় মাসুম নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়। এরপর পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে নেওয়া হয়।
সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় ছামছুলের পকেটে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন ছিল। তার শরীরের বাম পাশেও অস্ত্রোপচারের দাগ দেখা যায়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কিডনি বিক্রির বিষয়টি জানা যায়।
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তিনি দাবি করেন,উপজেলায় কিডনি কেনাবেচায় জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।