দুর্গাপূজা
খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে মন্দির নিরাপত্তা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্গাপূজাকে কেন্দ্র করে সুপ্ত, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, উৎসবের সুযোগ নিয়ে কেউ যাতে খোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে মন্দির নিরাপত্তা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময় সভায় বুধবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, এবার বড় পরিসরে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে। এ সুযোগে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।
প্রতিবেশী একটি দেশের পরিস্থিতি উল্লেখ করে সম্ভাব্য হামলা ও দুর্ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, খুলনা মহানগর বিএনপি শক্তিশালী ও সংগঠিত। অতীতের মতো এবারও দলের নেতাকর্মীরা দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালন করবেন। উৎসবের পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে তারা সতর্ক থাকবেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বকুল অভিযোগ করেন, একটি মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
২০২৪ সালের আন্দোলনে একসঙ্গে অংশ নেওয়া কয়েকটি পক্ষের সঙ্গে ফ্যাসিবাদী শক্তির গোপন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে বলে জানান তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর বিএনপির উদ্যোগে সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানান বকুল।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী দুজন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর সংশ্লিষ্ট থানায় দেওয়া হবে। তারা মণ্ডপ কমিটি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং দর্শনার্থীদের ভোগান্তি কমাতে কাজ করবেন। দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় সমন্বয় দলও কার্যক্রম তদারক করবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি এখন সর্বজনীন রূপ পেয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব শান্তিপূর্ণ রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।