× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয়জনের পরিবারে চারজন মানসিক রোগী

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম

এক পরিবারের চার মানসিক রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক পরিবারের চার মানসিক রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। টাকার অভাবে চিকিৎসা  করাতে পারেনি।  

বাড়িতে ফিরেও স্বস্তিতে নেই ১৮ বছরের সবুজের। বৃদ্ধ বাবা-মা, বড় ভাই ও বোনÑ চারজনই দীর্ঘদিন ধরে মানসিক রোগী। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে পরিবারের সদস্যদের এমন অবস্থা। সব মিলিয়ে অসহায় মানবেতর জীবন কাটছে সবুজের।

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের পরিবারে এমন করুণ চিত্র এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে ।

পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ হাওলাদার (৭০), তার স্ত্রী সহার ভানু (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। ১৮ বছর বয়সী ছোট ছেলে সবুজ নিজেও নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত। মেজো ছেলে সব্দার (২৬) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার সীমিত আয়েই চলছে পরিবারের সংসার। আরেক মেয়ে লাবলি (২৮) বিয়ের পর স্বামীর সংসারে রয়েছেন।

পরিবারের মানবেতর জীবন আর অসহায়ত্বের কথা বলতে গিয়ে সবুজ বলেন, আমরা সবাই কমবেশি অসুস্থ। বড় বোন সারাদিন পথে পথে ঘুরে বেড়ায়। বাধা দিলে গালিগালাজ করে, তাই আর বাধা দিই না। বড় ভাই সারাদিন পানি টেনে এনে গোবর, মাটি ও ময়লা মিশিয়ে চারদিকে ছিটাতে থাকে। আমিও অসুস্থ। কিছুদিন আগে পটুয়াখালী হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু টাকার অভাবে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে এসেছি। এখনও শরীরটা খারাপ লাগছে।

একই পরিবারের চারজন মানসিক রোগী তা ভাবিয়ে তুলেছে প্রতিবেশীদেরও।

মমিন হাওলাদার নামে এক প্রতিবেশী বলেন, আগে তাদের অনেকেই স্বাভাবিক ছিলেন। বয়স বাড়ার পর একে একে চারজনের এমন অবস্থা হয়েছে। বিষয়টি আমাদেরও অবাক করেছে। উন্নত চিকিৎসা পেলে হয়তো তারা অনেকটা সুস্থ হয়ে উঠতে পারতেন।

প্রতিবেশি আবুবকর মিল্টন বলেন, ইউসুফ হাওলাদার বিয়ের আগে থেকেই একটু ব্যতিক্রমী স্বভাবের ছিলেন। সবাই যখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন, তখন তিনি একাই কোদাল দিয়ে সপ্তাহের পর সপ্তাহ জমি চাষ করতেন। একা একা কথা বলতেন। এখনও অন্যদের চলাচলের পথ এড়িয়ে নিজের মতো চলেন। আমরা সাধ্যমতো চিকিৎসা করিয়েছি। এখন আর পারছি না। সরকার যদি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে পরিবারটির অনেক উপকার হতো।

স্থানীয়রা জানান, পরিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায় তাদের নিয়মিত দেখাশোনা ও চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বড় মেয়ে রাসেদার নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যা নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের দাবি, পরিবারটির সদস্যদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক।

বাউফল উপজেলা ইউএনও সালেহ আহমেদ পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। একই ঘরে অসুস্থ পাঁচজন মানুষ। চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য নেই। পরিবারের একমাত্র নিয়মিত উপার্জনক্ষম সদস্যের সীমিত আয়েই চলছে বেঁচে থাকার সংগ্রাম। এমন পরিস্থিতিতে পরিবারটির সদস্যদের বাঁচাতে উন্নত চিকিৎসা ও পূনর্বাসনে  সরকার ও দেশের দানশীল বিত্তবানরা এগিয়ে আসবে প্রত্যাশা এলাকাবাসীর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা