আবদুল্লাহ আল-মামুন, ফেনী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ পিএম
প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিমার চোখে শেষ তুলির আঁচড়, রঙ-অলংকারে দেবী দুর্গাকে সাজানোর ব্যস্ততা, আর মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ফেনীজুড়ে এখন চলছে উৎসবের প্রস্তুতি।
এ বছর জেলায় পূজামণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩টিতে, যা গত বছরের তুলনায় চারটি বেশি। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ফেনী শহরসহ জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির মূল কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ, অলঙ্করণ ও সাজসজ্জার শেষ ধাপ। দেবী দুর্গার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমাও। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমাশিল্পীরা।
প্রতিমা কারিগর রাজিব বলেন, দুর্গাপূজা সামনে রেখে এখন আমাদের ব্যস্ততা সবচেয়ে বেশি। প্রতিমার মূল কাজ প্রায় শেষ। এখন রঙ ও সাজসজ্জার কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনীর ছয় উপজেলায় এবার ১৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ১৪৯টি। উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সরকারি সহায়তাও দেওয়া হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিম জানান, দুর্গোৎসব উপলক্ষে ইতিমধ্যে ৯১ টন সরকারি চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সৌজন্যে অনগ্রসর ও অসচ্ছল মন্দিরগুলোর জন্য পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সব ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিন স্তরের নিরাপত্তায় নজরদারি
দুর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপ ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পরিকল্পনা রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।
তিনি আরও বলেন, পূজা উদযাপন কমিটিগুলোকে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুশীল সমাজ ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে সুন্দর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে কাজ করছে পুলিশ।
নিরাপত্তা নিয়ে আশাবাদী পূজা উদযাপন পরিষদ
উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর কর বলেন, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমরা চাই, সবাই মিলে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পূজা নিয়ে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও সবার আন্তরিকতায় এবারের দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
আয়োজকদের প্রস্তুতি, প্রশাসনের সহায়তা এবং নিরাপত্তাব্যবস্থা ঘিরে উৎসবের অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের আয়োজন আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।
সব মিলিয়ে বাড়তি মণ্ডপ, প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা এবং প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতিতে ফেনীজুড়ে তৈরি হয়েছে দুর্গোৎসবের আবহ। এখন প্রত্যাশা-ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে এবারের শারদীয় দুর্গোৎসব।