চিংড়ি শিল্পের উন্নয়ন
বাংলাদেশে আগত বিদেশি সেফরা মঙ্গলবার খুলনার টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের কনফারেন্স হলে কোম্পানি উৎপাদিত খাদ্য পণ্য পরিচিতি ও মতবিনিময়ে মিলিত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনব্যবস্থায় গুণগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ৬০০ চিংড়িচাষিকে সংগঠিত করে শ্রমিকের অধিকার সুরক্ষা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং উৎপাদনশীলতা বাড়ানোর কার্যক্রম চালাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) ও টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড পূরণের পাশাপাশি দেশের চিংড়ি রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। হ্যাচারি, চাষি, মধ্যস্বত্বভোগী ও রপ্তানিমুখী প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা এ শিল্পের সরবরাহ শৃঙ্খলে রয়েছে মূল্য সংযোজনের বড় সুযোগ। তবে আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার নিশ্চিত করা না গেলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।
এ বাস্তবতায় বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান টোটালফুড প্রসেসিংয়ের সরবরাহ শৃঙ্খলে যুক্ত ৬০০ চিংড়িচাষির দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় চাষি ও শ্রমিকদের শ্রম আইন, মৌলিক শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
টোটালফুডের খুলনাস্থ প্রক্রিয়াজাতকরণ কারখানায় গঠন করা হয়েছে অংশগ্রহণ কমিটি। পাশাপাশি চাষিদের সংগঠিত করে তাদের স্বার্থ সুরক্ষায় একটি চাষি সমিতি গঠনের কাজ চলছে।
আইএলওর অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ (এডিডব্লিউআইবি) প্রকল্পের আওতায় এ কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে। টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে। এ ছাড়া গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত সম্পূরক প্রকল্পের মাধ্যমেও সহায়তা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম চাষিদের উত্তম মৎস্য চাষ পদ্ধতি, চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে। প্রশিক্ষণের আওতায় রয়েছে চুক্তিভিত্তিক চাষ, উৎপাদনের তথ্য সংগ্রহ এবং রেকর্ড সংরক্ষণ। এসব কার্যক্রমের মাধ্যমে চাষিদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি জীবিকার উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের মানদণ্ড পূরণের সক্ষমতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন আন্তর্জাতিক শেফরা। সফরে তারা চিংড়ি খামার পরিদর্শন এবং উৎপাদকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের চিংড়ি উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ ও কর্মপরিবেশের অগ্রগতি আন্তর্জাতিক খাদ্য ও আতিথেয়তা খাতের প্রতিনিধিদের সামনে তুলে ধরাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরে অংশ নিচ্ছেন আমেরিকান ডাইনিং ক্রিয়েশনসের কুলিনারি হায়ার এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ বিউডিন, কিচেনঅপস কনসাল্টিং এলএলসির প্রতিষ্ঠাতা ব্র্যাডলি নেলসন, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের কুলিনারি ডিরেক্টর যোগেন্দ্র আদেপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কুলিনারি ডিরেক্টর মারিও ফার্নান্দেজ।
কর্মসূচির শেষ পর্যায়ে সরকার, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং চিংড়ি সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে শেফদের সফরের অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি শোভন কর্মপরিবেশ, চুক্তিভিত্তিক চাষ, চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে প্রয়োজনীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়েও সংলাপ হবে। চিংড়ি শিল্পে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে যৌথ অঙ্গীকার তৈরিও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান ও পরিচালক মেহেদী হাসান এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।
টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান বলেন, শ্রমিকের অধিকার সুরক্ষা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং উৎপাদনব্যবস্থার উন্নয়নের সমন্বয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও জীবিকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।