ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৪:০৭ পিএম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে প্রেমিকের সঙ্গে বিয়ের বিষয়ে বিরোধের জেরে চলন্ত বাসের সামনে গিয়ে নাহিদা আক্তার (২৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নাহিদা আক্তার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের চান্দেরচর গ্রামের ইন্নুছ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে কুলিয়ারচর পৌর শহরের মহিপুর এলাকার এক যুবকের সঙ্গে নাহিদার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে এক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এর মধ্যে কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়ার সরকারবাড়ির ইয়াসিন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের আলোচনায় ১৩ অক্টোবর তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত দিনে ইয়াসিন বিয়েতে অস্বীকৃতি জানালে নাহিদার সঙ্গে তার বিরোধ দেখা দেয়। একপর্যায়ে নাহিদা আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গিয়ে দাঁড়ালে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি চলন্ত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে এক যুবকের সঙ্গে নাহিদার তর্কাতর্কি হয়। পরে তিনি দৌড়ে সড়কের মাঝখানে গিয়ে দাঁড়ালে বাসটি তাকে ধাক্কা দেয়।
সড়কের পাশে একটি করাতকলের নৈশপ্রহরী জহির মিয়া জানান, এক নারী দৌড়ে এসে বাসের সামনে দাঁড়িয়ে পড়েন। বাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।