নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:১১ পিএম
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁয় শ্যালো ইঞ্জিনচালিত দুটি ভটভটিতে পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ ভটভটি জব্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেয়।
এদিকে সারের সংকট চলাকালে এভাবে সার পাচারের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা জানান নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অসংলগ্ন কথা বললেও পরবর্তীতে জনরোষের মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরবর্তীতে পুলিশ ও প্রশাসন আসছে জানতে পেরে তিনি কৌশলে সটকে পড়েন। তবে সটকে পড়ার আগে ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা ইউএনও নূরুল আমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশ সঙ্গে নিয়ে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। ইউএনও আরও বলেন, জব্দ সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে এবং বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।