গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:০৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:২১ পিএম
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ছবি: ফায়ার সার্ভিস
টঙ্গীর চেরাগআলীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগে । এর ১ মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তালহা জসিম বলেন, “শুরুতে ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং পরবর্তীতে আশেপাশের ইউনিট গুলো ঘটনাস্থলে পৌঁছায়”।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ২০টি ইউনিটের মধ্যে রয়েছে, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের ৪টি, মিরপুর ফায়ার স্টেশনের হাজমত টেন্ডার, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টি ইউনিট।
এদিকে, কারখানার ভেতরে কেমিক্যাল ও বিভিন্ন শিল্পজাত উপকরণ থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে বলে ঘটনাস্থল থেকে জানা গেছে। আগুনের তীব্র তাপ ও কেমিক্যাল গন্ধে আশপাশের পরিবেশ অস্বস্তিকর হয়ে পড়েছে। আগুনের কারণে কী ধরনের রাসায়নিক ঝুঁকি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পানির সংকট
আগুন লাগার পরপরই কারখানার ভেতরে থাকা পানির ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে একপর্যায়ে পানির সংকট দেখা দেয় বলে ঘটনাস্থল থেকে জানা গেছে। পরে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে পানিবাহী গাড়ি এনে আগুন নেভানোর কাজে সহায়তা নেওয়া হচ্ছে।
আগুনের ব্যাপকতা এবং পানির সরবরাহ নিশ্চিত করার বিষয়টি অগ্নিনির্বাপণ কার্যক্রমে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একাধিক ইউনিট একযোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে সময় লাগছে।
ভবনে ঢোকার চেষ্টা ফায়ার ফাইটারদের
আগুনের উৎস শনাক্ত করা এবং ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা ভবনের মধ্যে ঢোকার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া ও কেমিক্যাল গন্ধের কারণে ভবনের ভেতরে কাজ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি, কেমিক্যাল ও অন্যান্য মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে ঠিক কত পরিমাণ মালামাল পুড়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যেতে পারে।