পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:১৭ পিএম
বোদা উপজেলার সাতখামারে সার পাচারের সময় ১২০ বস্তা ড্যাপ সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বোদা উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামারে সার পাচারের সময় ১২০ বস্তা ড্যাপ সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বোদা উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউএনও রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সার বিক্রয় নিষিদ্ধ ঘোষণা এবং তার ডিলারশিপ বাতিলের জন্য কৃষি মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি ট্রাক্টরে লোড করে আটোয়ারী উপজেলায় এক খুচরা ব্যবসায়ীর কাছে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয়রা গাড়িটি হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যায়।
পরে গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক তদন্ত শেষে ভ্রাম্যমাণ পরিচালনা করেন ইউএনও রবিউল ইসলাম। এ সময় তিনি নুরনবী এন্টারপ্রাইজকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও সার বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেন।