চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:১৩ পিএম
চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের জেলে পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ওসি এস. এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তথ্য সংগ্রহকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। তিনি ঘোষণা দিয়েছেন দেশের একটি পরিবারও রাষ্ট্রের সেবার বাইরে থাকবে না। সেই লক্ষ্যেই একটি পরিবারের জন্য একটি কার্ড।’
তিনি আরও বলেন, ‘আগে বিভিন্ন ভাতার জন্য মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হতো। এই একটি কার্ডের মাধ্যমেই প্রতিটি পরিবার খাদ্য নিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তার সকল সুবিধা পাবে।’
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, তথ্য সংগ্রহে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি বা দল-মত দেখা চলবে না। প্রকৃত গরিব ও অসহায়রাই যেন কার্ড পায় তা শতভাগ নিশ্চিত করতে হবে।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।