× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ১৩

আদিতমারী (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:৩২ পিএম

বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ১৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহাল করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এ ঘটনায় প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ও ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রধান শিক্ষক রশিদুল ইসলামকে ‘জোরপূর্বক’ বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর তাকে স্বপদে পুনর্বহাল এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত তাকে বিদ্যালয় থেকে চলে যেতে বলেন। পরে শিক্ষার্থীরা তাকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ১৩ জন আহত হন।

আহত প্রধান শিক্ষক ও ছয় শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং তিন শিক্ষার্থীকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক রশিদুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের পর তাকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে কার্যক্রম শুরু করার সময় কয়েকজন বহিরাগত বাধা দেন। পরে শিক্ষার্থীরা তাকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে তারা হামলা চালান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা