সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:১৬ পিএম
সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মোৎসব ও লোকজ উৎসব-২০২৭ আয়োজন সামনে রেখে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মোৎসব ও লোকজ উৎসব-২০২৭ আয়োজন সামনে রেখে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ সময় প্রশাসনের প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, কারুশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক, সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় গুরুত্ব পায়Ñ দেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও কারুশিল্পের নিদর্শন দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের কাজের প্রসার, লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সোনারগাঁয়ের ঐতিহাসিক পরিচয় ও লোকজ ঐতিহ্যকে কেন্দ্র করে এ ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ বলে মনে করেন আলোচকরা। সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উৎসব আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয় এবং লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের যথাযথ উপস্থাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।
অংশীজন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারুশিল্পী সমিতির সভাপতি চন্দ্র শিকর শাহা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক ও ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ একেএম মাহাবুবুল আলম প্রমুখ।